মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত তিন কেজি ‘পাওয়ারজেল নাইনটি’ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


