নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রশাসক পদে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন।
এর আগে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।
স্থানীয়রা জানিয়েছে, স্বাধীন বগুড়ার রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। মহাস্থানের অদূরে অনন্ত বালা গ্রামে তার জন্ম। জীবন কেটেছে বগুড়া জিলা স্কুলে। ছোট থেকে থাকেন শহরের বকশিবাজার এলাকায়। ১৯৮৩ সালে এসএসসি পাস করে সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। এরপরে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এইচএসসির পর ছাত্র সংসদে নির্বাচিত হন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। ৯২ সালে জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। বেশ কয়েকবার জেলেও গিয়েছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সহসভাপতি।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, তার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তার প্রথম কাজটিই হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।


