ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার।
মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ফার্নেস তেলের দাম কমানোর তথ্য জানানো হয়।
বর্তমানে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন দামে প্রতি লিটারের নতুন দাম ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছে।
নতুন দাম সোমবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। তীব্র গরমের মধ্যে সারা দেশের বিশেষ করে গ্রামে ব্যাপক লোডশেডিংয়ের মধ্যে ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত এল।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে। ফলে ফার্নেস তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো কিছুটা কম দামে তেল কিনতে পারবে।
বিইআরসি বিজ্ঞপ্তিতে বলা হয়, মে-জুন ২৬ মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় জুলাই মাসে ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করা হয়।
জুলাইয়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল এবং অকটেনের খুচরা দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যের অস্থিরতা থাকা সত্ত্বেও গত মে মাসে নির্ধারিত দামই আগামী মাসের জন্য বজায় রাখা হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের মতোই ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে এই দাম নির্ধারণ করা হয়েছিল এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জুলাই মাসজুড়েই এই দর কার্যকর থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে সরকারের চালু করা মাসিক জ্বালানি মূল্য সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ এল।


