ফরিদপুর শহরে ইটভাটার মাটিবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় উপাসনা ঘোষ (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে শহরের বায়তুল আমান এলাকার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকাশ ও উপাসনা মোটরসাইকেলে করে টেপাখোলা এলাকার একটি পাম্প থেকে জ্বালানি নিয়ে শহরের দিকে ফিরছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে একটি মাটিবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে দুই আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ট্রাকের হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


