ফরিদপুরে পৃথক দুটি অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের সাড়ে ১৯ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মঙ্গলবার গভীর রাতে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ওরফে রুবেল (২৬) ও আমির হোসেন (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
এর আগে সোমবার গভীর রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। যানবাহনে তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এই ঘটনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার মোস্তফা কামাল (২৭) ও রাশেদুল ইসলাম (২৬) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার চারজনই একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করছিল। পরে সেগুলো ফরিদপুর, মাগুরা ও আশপাশের জেলায় সরবরাহ করত।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, মাদক নির্মূলে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলবে।’


