নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
পুলিশ আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে অভিযান চালিয়ে আটক করেছে অভিযুক্ত আরেক জনকে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় মাদকাসক্ত যুবক মনির হোসেন হিরো ও সোহেল নামের ওই দুই যুবক কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে। কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।
পরে শিশুটির পরিবার তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে রাতে ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়। এসময় পালিয়ে যায় সোহেল। পরে তাকেও আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাটি জানার পরপরই নদীপথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতেই অভিযান চালিয়ে আটক করা হয় সোহেলকে।
শিশু ধর্ষণের অভিযোগে মামলাসহ বিষয়টি তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


