পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা আফনাত জাহান কেয়াকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হরেছে আগামী ৬ নভেম্বর।
সোমবার ঢাকার স্পেশাল জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন।
এর আগে, ২৯ অক্টোবর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করেন মামরার এক আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। তার আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে তদন্তকারী কর্মকর্তাকে জেরা করার সুযোগ পান।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ছয় মামলা দায়ের করে দুদক। মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়েছে।
সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। শেখ হাসিনাসহ বেশিরভাগ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


