প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বাজেটের সর্বোচ্চ বরাদ্দের দাবি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বাজেটের সর্বোচ্চ বরাদ্দের দাবি
সংবাদ সম্মেলন করেন ‘শিক্ষা অধিকার সংসদ’ নামে একটি সংগঠন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতের বরাদ্দে প্রাথমিক বিদ্যালয়কে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা-উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষায় বিশেষ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শিক্ষা অধিকার সংসদ’ নামে একটি সংগঠন এই দাবি জানিয়েছে।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে সংগঠনটি কাজ করে থাকে।

এবারের শিক্ষা বাজেট সংক্রান্ত এক জরিপের ফলাফল সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। এই জরিপে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়, চারটি স্নাতক পর্যায়ের মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন

জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশের বেশি শিক্ষার্থী মনে করেন, শিক্ষা খাতে বরাদ্দ জাতীয় বাজেটের ৫ শতাংশের বেশি হওয়া উচিত। প্রায় ৫৬ শতাংশ উত্তর দাতা মনে করেন, শিক্ষা বাজেটের সর্বোচ্চ বরাদ্দ হওয়া উচিত প্রাথমিক শিক্ষা খাতে।

শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে দক্ষ শিক্ষক নিয়োগ, তাদের মানসম্মত প্রশিক্ষণ এবং সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করার সুপারিশও উঠে এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। এ ছাড়াও শিক্ষা বাজেট বাস্তবায়নের প্রধান বাধা হিসেবে দুর্নীতি, অপচয়, সঠিক পরিকল্পনার অভাব, প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক প্রভাবকে চিহ্নিত করেছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল ও সুপারিশগুলো উপস্থাপন করেন ‘শিক্ষা অধিকার সংসদ’-এর সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আবু সাদাত মো. মোস্তানসির বিল্লাহ, মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক ও মাজহারুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad