কুমিল্লার শাসনগাছা এলাকায় লিচুগাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার বিকালে এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়।
নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, শিশুটিকে গেঞ্জির কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে সড়কে ও পুকুরের শান বাঁধানো ঘাটে একাধিকবার আছাড় মারা হয়। মারধরের সময় লোকজনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত ব্যক্তি শাসনগাছা বড় বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে অমি (৩০)। প্রতিবেশী মো. হাসানের শিশুসন্তান তাদের একটি লিচুগাছের ডাল ভেঙে ফেলে। এই অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে নির্যাতন করেন অমি।
ওসি আরও জানান, শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


