টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ খালিদুর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে সেখান থেকে পাশের গ্রাম মেরুয়াঘোনায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বাবা ও মেয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত এ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।


