দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
সকাল ১০টা ৩৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। যা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
সে হিসেবে রোববার থেকে শুরু হবে তার মেয়াদ।
শনিবার অবসরে যান বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সেদিন যার চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হয়েছে।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।
নতুন প্রধান বিচারপতির জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে ২০২৮ সালের ১৭ মে তার ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী, মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।


