প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বিদায়ী অভিভাষণ দেবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, ওইদিন বিকালে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এ অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি।
অধিবেশনে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।
আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগে বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে এটি হবে তার শেষ আনুষ্ঠানিক অভিভাষণ।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিদায়ী অভিভাষণে বিচার বিভাগের সংস্কার ও সার্বিক উন্নয়নে ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হবে।
গত দেড় বছরে গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়েও প্রধান বিচারপতি বক্তব্য দেবেন।
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ।
দায়িত্ব গ্রহণের পর গত বছরের ২১ সেপ্টেম্বর তিনি বিচার বিভাগের সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন।


