জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা ও সংসদীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ নিয়ে তিনি সংসদ সদস্যদের সতর্ক করেন।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের সতর্ক করেন।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য মোবাইল ফোনে সংসদের ভেতর থেকে কথা বলছেন। আওয়াজটা এই পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন অন্যদের ক্ষেত্রে এটা ডিস্টার্ব হচ্ছে। একটু যদি দেখতেন আপনি প্লিজ।’
চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আপনি এই কথাটা বলেছেন, সবাই এই কথাটা শুনেছেন। বিষয়টা মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে। স্পিকারের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি। হাউজের মধ্যে আর কেউ কথা না বলি। আর কথা বললে আমরা বাইরে গিয়ে বলব। আর একটি বিষয় হচ্ছে ফ্লোর ক্রস হয়। সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে কেউ আসা যাওয়া না করা। এইটাই নিয়ম। যদি কেউ আসতে চান পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম। এই কাজটাই ফলো করবেন। আর কেউ ছবি তুলবেন না হাউজের মধ্যে।’
এর আগে গত ১০ এপ্রিল কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদীয় আচরণ না করায় ক্ষোভের সঙ্গে সতর্ক করেছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


