প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দেশে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস তৈরিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে।
এই বিশেষ কর্মসূচিটি দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—তিনটি স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই বাস্তবায়ন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন।
আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন বিশ্ব সাহিত্য কেন্দ্র দেখে আসছে, সরকারের এই উদ্যোগ তাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


