প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী নির্দেশনার সমন্বিত বাস্তবায়নের ফলে এবারের ঈদুল আজহা ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, নির্বিঘ্ন ঈদযাত্রা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহণে শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ছিল প্রধানমন্ত্রীর অন্যতম নির্দেশনা।
সোমবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, এসব উদ্যোগের বাস্তবায়ন রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করেছে। একই সঙ্গে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের ধারাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে এবারের ঈদে জনগণ উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন জনসেবার কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এবং আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা
ঈদ উপলক্ষে সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে সরকারি ছুটি এক সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি ও ব্যবস্থাপনা নেওয়ায় মহাসড়কে যানজট তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল।
তবে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হলেও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুসহ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মাহদী আমিন।
তিনি ভবিষ্যতে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণহানি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সরকার, ব্যাংক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়। ফলে শিল্পাঞ্চলে বেতন নিয়ে বড় ধরনের অস্থিরতা বা অবরোধের ঘটনা ঘটেনি এবং শ্রমিকরা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।
দেশীয় পশুর বাজারে স্বস্তি
অবৈধভাবে গবাদিপশু প্রবেশ রোধে সীমান্তে কঠোর নজরদারি এবং পশুর হাটে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়। প্রায় ১ কোটি ১ লাখ পশুর চাহিদার বিপরীতে ১ কোটি ২৩ লাখ কোরবানিযোগ্য পশু থাকায় দেশ প্রথমবারের মতো কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে দাবি করা হয়।
দেশীয় খামারিরা ন্যায্য মূল্য পেলেও অতিরিক্ত সরবরাহের কারণে কিছু প্রান্তিক খামারি প্রত্যাশিত দাম পাননি। ভবিষ্যতে তাদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করবে বলে জানান মাহদী আমিন।
বর্জ্য অপসারণে নতুন মাইলফলক
ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় ঈদের দিন থেকেই অতিরিক্ত জনবল নিয়োগ করে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়। অধিকাংশ এলাকায় ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রশংসা করেন।
মাহদী আমিন জানান, ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
এ সময় অবহেলার অভিযোগে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
গণপরিবহণে শৃঙ্খলা ও বিশেষ সুবিধা
তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি চালানো হয়। প্রথমবারের মতো রেল ও মেট্রোরেলে নারীদের জন্য সংরক্ষিত কোচ এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাড়া ছাড় চালু করা হয়। লঞ্চে হুইলচেয়ার ও ট্রলির ব্যবস্থা, কুলি ও হকারমুক্ত ঘাট এবং বছিলা ও কাঞ্চন ব্রিজ এলাকায় নতুন লঞ্চঘাট চালুর ফলে যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানানো হয়।
পশুবাহী ট্রাক ও পশুর হাটে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হয়।
ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সমন্বয় করে লোডশেডিং সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। তীব্র গরমের মধ্যেও দেশের অধিকাংশ এলাকায় তুলনামূলকভাবে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল বলে জানান মাহদী আমিন।
সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্পর্শকাতর বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা হয়। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত মহিষটিকে সংরক্ষণ করে চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সহায়ক হয়েছে বলে উল্লেখ করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ ও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কাঁচা চামড়ার ন্যূনতম মূল্য আগেই নির্ধারণ, লবণের সরবরাহ নিশ্চিত এবং মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধির ফলে চামড়া অবিক্রীত থাকা বা নষ্ট হওয়ার হার আগের বছরের তুলনায় কমেছে বলে জানানো হয়। ভবিষ্যতে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আরও উদ্যোগ নেবে।
চাল, ডাল, তেল, চিনি, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত তদারকি চালানো হয়। আন্তর্জাতিক বাজারের চাপ থাকা সত্ত্বেও বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর অবিরাম ছুটে চলা
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। সরকারি ছুটির মধ্যেও তিনি মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম তদারকি করেছেন।
তিনি বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে অবহেলা পাওয়া কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনেন।
এ সময় আতিকুর রহমান রুমন সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য ও ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে কেন্দ্র করে প্রকাশিত তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া উচিত।


