পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে প্রাথমিক শিক্ষা। প্রাথমিকের পাঠক্রমে আনা হবে আমূল পরিবর্তন। বুধবার এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও জানান, মুখস্তের বদলে খেলার ছলে ও গল্প বলার মাধ্যমে শেখার বিষয়টিকে প্রাধান্য দিয়ে নতুন পাঠক্রম সাজানো হবে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মসজিদের জায়গা কেউ কখনও দখল করে না। এটাকে মানুষ আলাদা সম্মান দেয়। কিন্তু বিদ্যালয়ের সম্পদ, মাঠ, জমি সুযোগ পেলেই দখল করে ফেলে। এটা কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না।
আলোচনা সভায় শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির দাবি জানান শিক্ষাবিদ, শিক্ষক ও গবেষকরা। তারা শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধরন পাল্টে দেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, দেশে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের অন্তত ৪০ শতাংশই বেকার বা অনানুষ্ঠানিক খাতে কাজ করছে। তাই ‘প্রজেক্ট বেজড এডুকেশন’ এর পরিবর্তে ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিনল্যান্ডের মতো ‘ফলাফল ভিত্তিক শিক্ষণ’এর প্রতি গুরুত্ব দিতে হবে।
‘ফলাফল ভিত্তিক শিক্ষা’য় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি কোর্স শেষে তারা কী দক্ষতা অর্জন করছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়।


