বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু (৮,৪৮৫ মিটার) সফলভাবে আরোহণ করে আবার ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।
অভিযান আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি শীর্ষে পৌঁছান।
আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতগুলোর মধ্যে অন্যতম কঠিন যাত্রা নেপালের মহালাঙ্গুর হিমালয় পর্বতমালায় অবস্থিত মাকালু। সেখানে এবারই প্রথম কোনো বাংলাদেশি পর্বতারোহী সফল আরোহণ সম্পন্ন করলেন।
এই সাফল্যের মাধ্যমে বাবর আলী এখন বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গের মধ্যে পাঁচটিতে আরোহণ করেছেন।
‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযান আয়োজন করে পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স।
বাবরের পর্বতারোহণে পথচলা শুরু ২০১৪ সালে; এর আগে ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ট্রেকিংয়ের মাধ্যমে তার হাতে খড়ি। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। গত এক দশকের বেশি সময় ধরে ক্লাবটির হয়ে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন।
২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন তিনি। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন আমা দাবলাম। ২০২৪ সালে একই অভিযানে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করেন, একই অভিযানে দুটি আট হাজার মিটার শৃঙ্গ আরোহণের নজির নেই আর কোনও বাংলাদেশির।
২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা-১। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়া আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মানাসলু, যা কোনও বাংলাদেশির জন্য প্রথম।


