দেশের সাংবাদিকতার মানোন্নয়ন, স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং গণমাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ৮ ও ৯ মে রাজধানী ঢাকার হোটেল রেডিসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’।
প্রথমবারের মতো আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞের ঘোষণা দিয়েছে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
বৃহস্পতিবার সকালে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
তিনি জানান, এমআরডিআইর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সটি মালিক, সম্পাদক, সাংবাদিক, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ আলোচক অংশ নেবেন। ১২টি পৃথক সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, নিউজরুমে জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। ৫০০-র বেশি প্রতিনিধি এবং ১০টিরও বেশি দেশের সংবাদমাধ্যম বিশেষজ্ঞরা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে সাংবাদিকদের জন্য চারটি বিশেষ সহায়তা ডেস্ক থাকবে। এগুলো হলো— ইনভেস্টিগেটিভ জার্নালিজম, রাইট টু ইনফরমেশন (আরটিআই), ফ্যাক্ট-চেক এবং মেন্টাল হেলথ সাপোর্ট হেল্পডেস্ক।
এ ছাড়া ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য রাখা হয়েছে বিশেষ ফেলোশিপের সুযোগ, যেখানে স্টোরি পিচের ভিত্তিতে ১৫ জন সাংবাদিককে নির্বাচিত করে মেন্টরশিপ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে জানানো হয়, এমআরডিআইর বেসিক জার্নালিজম অনলাইন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এই সম্মেলনে যোগ দিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে একটি মাইক্রো ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে।
গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বেশ কিছু আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠান এই আয়োজনের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে।
এমআরডিআইর লক্ষ্য হলো এই কনফারেন্সটিকে একটি নিয়মিত আয়োজনে পরিণত করা এবং প্রতি দুই বছর অন্তর এটি আয়োজন করা।


