বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একজন মেয়ে সন্তানের বাবা হিসেবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধুমাত্র নীতি নয়, এটি একটি ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। বাংলাদেশে প্রতিটি মেয়েকে একই রকম স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা প্রদান করতে হবে, যা প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের জন্য চান।’
‘বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের জীবন পরিবর্তনে অতীতেও কার্যকর ভূমিকা রেখেছে এবং যদি আবার সুযোগ পাওয়া যায়, আমরা আরও বেশি কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্ট শিল্পকে শুধু একটি শিল্প হিসেবে নয়, একে একটি সম্ভাবনা হিসেবে গড়ে তোলেন। এর মাধ্যমে লাখ লাখ নারী সম্মান, স্বাধীনতা ও আয়ের সুযোগ লাভ করেন। তার নেতৃত্বে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা বাংলাদেশের মেয়েদের জীবনের উন্নতির জন্য কাজ করে,’ বলেন তারেক রহমান।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, মেয়েদের শিক্ষা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, শুধুমাত্র একটি সুবিধা হিসেবে নয়। তার সরকারের সময়েই দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার জন্য ফ্রি ঘোষণা করা হয় এবং “ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন” কর্মসূচির মাধ্যমে কোটি কোটি মেয়ে স্কুলে থাকার সুযোগ পায়। তার পৃষ্ঠপোষকতায় “ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট” সফলভাবে মেয়েদের শিক্ষার সমতা নিশ্চিত করে এবং বিশ্বব্যাপী একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়।’
তারেক রহমান বলেন, ‘বিএনপির ভবিষ্যত নীতিমালা মেয়েদের সুরক্ষা এবং উন্নয়নে নিবেদিত থাকবে।’
তিনি জানান, এতে থাকবে, নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান, যাতে পরিবারের মূল স্তম্ভ হিসেবে নারীকে সরাসরি সাহায্য পৌঁছানো যায়, নারীদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদান, নারীদের শিক্ষাগত ও পেশাগত সুযোগ বৃদ্ধি, যাতে তারা দক্ষতা অর্জন করে ভবিষ্যত গড়ে তুলতে পারে, রাজনীতি, শাসন এবং নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং মেয়েদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা, যাতে তারা নিরাপদে চলাফেরা, কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির ভবিষ্যত নীতি কেবল বাক্য নয়, বরং আমাদের বিশ্বাস, ইতিহাস এবং উদ্দেশ দ্বারা শক্তিশালী। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি মেয়ের স্বপ্ন পূরণের জন্য রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধকতা নয়।’


