গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানান, বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
তিনি বলেন, শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে ১২৮ নাম্বারের একটি লকারের সন্ধান পাওয়া গেছে। ওই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। অভিযানে হাসিনার ১২ লাখ টাকা এবং শেখ রেহানার সাথে যৌথভাবে থাকা ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।
সিআইসি জানিয়েছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এফডিআর, আমানত, লকারসহ সম্পদের তথ্য জানতে সিআইসি থেকে দেশের ৬৫টি ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। চিঠিতে শেখ হাসিনা ও তার পরিবারের নামে ব্যাংকে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হয়। তারপরই ব্যাংকগুলো তাদের তথ্য এনবিআরকে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার পূবালী ব্যাংকে অভিযান পরিচালনা করে সিআইসি।
ধারণা করা হচ্ছে, ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হতে পারে।
সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করার পর লকারটি খোলা হবে।
২০২৪ সালের আগস্টে তীব্র গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে।
অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের মালিক অর্থ পাচারের সঙ্গে জড়িত। পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের মালিক তারা। এরপরই শুরু হয় সেসবের অনুসন্ধান।


