৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ-আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থান। দেশের সুদীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও বছরের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।
সিনেমার মুক্তি প্রসঙ্গে সম্প্রতি বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সিনেমাটি এ বছর মুক্তি না দিয়ে নতুন বছরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি ও স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ।
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। পরিচালনা করেছেন আহমেদ হাসান সানি। এটি তার নির্মিত প্রথম সিনেমা।
পরিচালক আহমেদ হাসান সানি বলেন, ‘রাজনৈতিক আলাপের অভ্যাসটা জরুরি। মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। আমরা সারা জীবন দেখে এসেছি হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ করাকে ট্যাবু হিসেবে দেখেছি আমরা। এই ট্যাবুকে ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্বসহ অনেকেই।
গল্প আর পরিচালক পছন্দ হলেই সিনেমায় অভিনয় করেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সেই ধারাবাহিকতায় নতুন এই সিনেমার অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে আশাবাদী বর্ষণ।
জানা গেছে, সিনেমাটির পটভূমি ছাত্র–জনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে।


