পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম মো. জাকির (৩০)। তিনি লালবাগের বিসি দাস স্ট্রিট লেনের বাসিন্দা। তার বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন এবং মায়ের নাম ফালানি।
তাদের প্রাথমিক ধারণা, পূর্ববিরোধ বা গ্রুপভিত্তিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকণ্ড ঘটে থাকতে পারে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, সূত্রাপুর থানাধীন বিবিকা রওজার আশেকান কমিটির উদ্যোগে বিবিকা রওজা থেকে শিয়া সম্প্রদায়ের আশুরার তাজিয়া মিছিলটি বের হয়েছিল। মিছিলটি বাংলাবাজার এলাকা অতিক্রম করার সময় এর পেছনের অংশে দুই গ্রুপের মধ্যে রেষারেষি ও উত্তেজনা তৈরি হয়।
এক পর্যায়ে জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের এখনো করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


