পুরান ঢাকার একটি ভাড়া বাসা থেকে নেসার আলী (৫০) নামের এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বংশাল থানার বাগডাসা লেনের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের পা বাঁধা এবং মুখে পর্দা গোঁজা ছিল।
নিহত নেসার আলীর গ্রামের বাড়ি যশোরে। তিনি গত দুই মাস ধরে বাগডাসা লেনের ওই বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তার পরিবার গ্রামে থাকেন।
পুলিশ ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে ঢাকা এসেছেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
ওসি আরও জানান, যে বাসায় ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত করতে আশপাশের ভবন ও সড়কের ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


