পাবনা শহরে নানা অনিয়মের অভিযোগে দুইটি ক্লিনিকে অভিযান চালিয়ে মালিকদের জরিমানা ও কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। ক্লিনিক দুইটি সিলগালাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পাবনা শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউনপাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল আলিম।
তিনি জানান, ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসা সেবার মান খারাপ, কোনো চিকিৎসক ও নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। এজন্য ক্লিনিক দুইটি সিলগালা করা হয়েছে।
একইসঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে ১ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএসআইয়ের যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এবিএম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


