পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের সময় আত্মঘাতী হামলায় দেশটির একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনাসদস্য ও পাঁচজন হামলাকারী নিহত হয়েছেন।
শনিবার আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই মোটরসাইকেল নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুই সেনা নিহত হন। তবে অগ্রবর্তী নিরাপত্তা দল দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীদের পরিকল্পিত বড় ধরনের নাশকতা প্রতিহত করা সম্ভব হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, অভিযানে অন্তত পাঁচজন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে, যাদের মধ্যে একজন আত্মঘাতী বোমারু ছিল। নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দেশটির অভ্যন্তরে হামলার জন্য দায়ী করে আসছে। ইসলামাবাদ অভিযোগ করে, আফগানিস্তানের তালেবান প্রশাসন টিটিপিকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, ‘এই জঘন্য হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যেখানেই থাকুক অভিযান চলবে। দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের অঙ্গীকার অটুট।’
উল্লেখ্য, বান্নু জেলা দীর্ঘদিন ধরেই সহিংসতার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ২০২২ সালের শেষদিকে টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ও পুলিশ চৌকিতে হামলার ঘটনা বেড়েছে।
এর আগে চলতি সপ্তাহে বাজাউর জেলায় পৃথক হামলা ও বন্দুকযুদ্ধে এক শিশু এবং ১১ জন নিরাপত্তা সদস্যসহ একাধিক ব্যক্তি নিহত হন।


