প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।
মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়।
জানা গেছে, ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধির কাছে এই আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, প্রতিবছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম উপহারস্বরূপ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।


