পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে চলমান প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করা এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জিন প্রসমের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন এবং বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। তিনি এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধি আশা প্রকাশ করেন, প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাবে এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন খাতে বিনিয়োগে সংস্থাটি আগ্রহী। বিশেষ করে গ্রিন জব সৃষ্টি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।
তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিনিয়োগ ও অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।’ জবাবে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের ঋণসহায়তা কার্যকরভাবে কাজে লাগাতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্থাটির পরামর্শ গ্রহণ করা হবে।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


