র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন-অর রশীদ ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মো. হারুন-অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা, মেয়ে ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সংবাদ সংস্থা বাসসকে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। তিনি জানান, দুদকের পক্ষে সংস্থাটির উপ সহকারী পরিচালক ইমরান আকন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়ে, মো. হারুন-অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলাকালে দুদক জানতে পারে, অভিযুক্ত হারুন-অর রশীদ ও তার পরিবারের সদস্যরা দেশের ভেতর আত্নগোপনে রয়েছেন এবং যেকোন সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা অতি জরুরি জানিয়ে ওই আবেদন করা হয়।


