ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক বিদায়ী সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফলভাবে কর্মকাল শেষ করার জন্য বিদায়ী হাইকমিশনারকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা উল্লেখ করেন। বিদায়ী হাইকমিশনারের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।


