ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৭ জনকে ‘পুশ ইন’ করেছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া ও তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব ব্যক্তিদের আটক করে দুপুরে ১০ জনকে পঞ্চগড় সদর থানায় এবং ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে। বিজিবির তথ্যমতে, ‘পুশ ইন’-এর শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ জন নারী।
বিজিবির ঘাগড়া বিওপি টহল দল জানায়, সদর উপজেলার বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং তেঁতুলিয়ার ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, ‘পুশ ইন’ হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।


