পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড়-১৮ ব্যাটালিয়ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের অন্য সীমান্তের মতো এই সীমান্তেও টহল বাড়ানো হয়েছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্য দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ব্যাটালিয়ন সদর ও বিওপির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলদল মোতায়েন করে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
বিশেষ টহলের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে ব্যাটালিয়নের অধীন বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতেও নজরদারি বাড়ানো হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি কে-৯ ইউনিটের (ডগ স্কোয়াড) মাধ্যমে বিশেষ তল্লাশি কার্যক্রমও চলছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’


