ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে নিজেদের লোক নিতে এই হুমকি দেওয়া হয়।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) রশিদুল আলমের কক্ষে এ ঘটনা ঘটে। এতে চিকিৎসক কর্মকর্তা, কর্মচারীসহ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতালের একাধিক স্টাফ জানিয়েছেন, শনিবার দুপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের’ একটি দল হঠাৎ সহকারী পরিচালক রাশিদুল আলমের কক্ষে ঢুকে পড়ে। তারা সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়, হাসপাতালে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক জনবল নিয়োগে তাদের মনোনীত লোকজনকে নিতে হবে। না মানলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে তারা চলে যায়।
পুলিশ জানতে পেরেছে, জড়িতরা ২৭ নম্বর ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।’


