চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজত জয়ন্তী উৎসব-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ উৎসবে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং অ্যালামনাই সদস্যদের মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস।
‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয় এবং ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভাগের গত ২৫ বছরের অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উৎসবে আমন্ত্রিত অতিথিরা বিভাগের শিক্ষা ও গবেষণায় অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে অ্যালামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ পর্ব আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি সম্মিলনীসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকমোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গবেষণায় অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিশেষ অতিথির বক্তব্যে উউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের অবদানের উদাহরণ তুলে ধরে চবির অ্যালামনাইদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবু ছৈয়দ মোহাম্মাদ মুজিব বলেন, কোভিড-১৯ ও বিভিন্ন দুর্যোগে অ্যালামনাইদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি প্রক্রিয়া এবং প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন সেবা আরও সহজ ও অনলাইনভিত্তিক করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ও অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কাঞ্চন চাকমা। তিনি বলেন, ‘ভবিষ্যতে বিভাগ ও অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক দ্বৈপায়ন সিকদার। আরও বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, অধ্যাপক চৌধুরি মোহাম্মদ মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ফরিদ আহসানসহ বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহান।


