ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তানের নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে থাকা বিনিয়োগ জব্দের আদেশ দিয়েছে আদালত।
সোমবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান।
দুদকের আবেদনে বলা হয়, আসামিরা তাদের অস্থাবর ও স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে। যদি তারা এই প্রক্রিয়ার মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে সক্ষম হয়, তবে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে।
এতে বলা হয়, সরকারের পক্ষে সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিম্নোক্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংযুক্ত করা একান্ত প্রয়োজন। এরই মধ্যে সাত সদস্যের সমন্বয়ে একটি তদন্ত দল সিকদার গ্রুপ সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে।
জয়নুল হকের তিন সন্তান রন হক সিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদারের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাই মুদ্রা ৮৯ কোটি ৩০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।


