নোয়াখালীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটির চালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের মাইজদীতে দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালে একজন এবং অন্যজন শুক্রবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)। আহত পিকআপ ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে অভি ও হৃদয় বাড়িতে ফিরছিলেন। পথে রাত সোয়া ১টার দিকে সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউটার্ন নিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অভি ও হৃদয় এবং পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। পরে পিকআপ ভ্যানের চালক ও হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


