ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো প্রার্থীর সরে দাড়াঁলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানো যার যার ব্যক্তিগত ইচ্ছা। এখানে নিরাপত্তা নিয়ে কথা আসতে পারে না। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ ইউনিটের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় ভারতীয় দূতাবাস বন্ধ হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই তথ্যটি আমি আপনাদের কাছ থেকেই শুনলাম। সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে এক পক্ষ তলব করলে অন্য পক্ষও করে এটাই নিয়ম।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘ওসমান হাদী বড় মাপের একজন জুলাই যোদ্ধা। দেশের প্রতি তার অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন, সবাই তার জন্য খাস দিলে দোয়া করবেন।’
অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪-এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা প্রমুখ।


