নির্বাচনকেন্দ্রীক সংবাদ প্রকাশে সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমভ
তিনি বলেন, ‘নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
রোববার ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে ‘নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে কী ঘটছে, কী ধরনের অনিয়ম ও সহিংসতা হচ্ছে, সবকিছু জনগণকে জানাতে হবে।’
এতদিন নির্বাচনের সময় গণমাধ্যমে ওপর নানা ধরনের বাধা আরোপ করা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না।’
মাহফুজ আলম বলেন, ‘এবারে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন। কোন রাজনৈতিক দল কী ভূমিকা পালন করছে, তা প্রবাসীদের নিকট পৌঁছতে গণমাধ্যমকে কাজ করতে হবে।’
‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। গণমাধ্যমকেও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।’
নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো অসংগতিপূর্ণ বিধি-নিষেধ থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
মতবিনিময়ে অংশ নেওয়া সাংবাদিকরা নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নির্বাচনকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ সংশোধন করতে হবে। নির্বাচনের সময় সাংবাদিকদের কার্ডের যেন কোনো অপব্যবহার না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।


