ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার বিবিসির ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকার দেন তিনি।
জয় দাবি করেন, এই নির্বাচন প্রতিযোগিতামূলক ছিল না। একটি বৃহত্তম ও পুরনো রাজনৈতিক দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে এবং প্রগতিশীল দলগুলোকে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে।
নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে জয় বলেন, দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি কোনো আসন না পাওয়াটা ‘অবিশ্বাস্য’।
অন্যদিকে, জামায়াতে ইসলামী জোট যেখানে সাধারণত ৫ থেকে ১০টির বেশি আসন পায় না, সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে, যা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, তারা বিএনপির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপিকে তিনি যুক্তরাজ্যের টরি ও লেবার পার্টির সঙ্গে তুলনা করে বলেন, এই দুই দল ছাড়া দেশের রাজনীতি কল্পনা করা যায় না।
তিনি আরও যোগ করেন, বর্তমানে একটি নির্বাচনের কারণে সবাই খুশি থাকলেও এই ‘মধুচন্দ্রিমা’ শেষ হলে প্রকৃত চিত্র ফুটে উঠবে।
তার মতে, আওয়ামী লীগের কাছে ৪০ শতাংশ এবং জাতীয় পার্টির কাছে ৫ থেকে ১০ শতাংশ ভোট রয়েছে, তাই এই দলগুলোকে চিরকাল এড়িয়ে যাওয়া সম্ভব হবে না।


