অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথি তার সম্পৃক্ততার কথা প্রকাশ্যে অস্বীকার করেছেন। বুধবার (৪ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর ইকরার বন্ধু নুসরাত জাহান তৃষ্ণা কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়—যাহের আলভী ও তিথির কথিত পরকীয়ার জেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পরবর্তীতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে আসামি হিসেবে জাহের আলভী, ইফফাত আরা তিথি ও আলভীর মায়ের নাম উল্লেখ করা হয়।
অভিযোগের জবাবে তিথি বলেন, ইকরার সঙ্গে তার কোনো বিরূপ সম্পর্ক ছিল না। বরং নিজের নির্দোষ প্রমাণে তার কাছে চ্যাটের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব তথ্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন বলেও জানান।
তিথির দাবি, ইকরা দীর্ঘদিন ধরে নিজের পরিবার নিয়ে হতাশায় ভুগছিলেন। ২০১৮ সালে আলভীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরিবারের কাছ থেকে তেমন সমর্থন পাননি। তিথি বলেন, তিনি ইকরাকে আত্মনির্ভর হতে ও নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে উৎসাহ দিতেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল—উপহার বিনিময়, একসঙ্গে পার্লারে যাওয়া, এমনকি বিদেশ ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন।
ইকরার সংসার ভাঙার অভিযোগও নাকচ করেন তিথি। তার ভাষ্য, তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সহায়তার। ইকরা বিভিন্নজনের কাছে মনের কথা বলতেন এবং কখনো কখনো অন্যদের নিয়ে সন্দেহের কথাও শেয়ার করতেন—এমনকি এক পরিচালকের বিরুদ্ধে ‘ব্ল্যাক ম্যাজিক’ চর্চার অভিযোগও তুলেছিলেন বলে উল্লেখ করেন তিথি।
পোস্টের শেষে ইকরার আত্মার শান্তি কামনা করেন তিথি। একই সঙ্গে ইকরার ছোট ছেলে রিজিকের মঙ্গল কামনা করে চলমান মামলায় নিজের নির্দোষিতার বিষয়টি আবারও জোর দিয়ে তুলে ধরেন।


