নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মারধরের শিকার ওই বৃদ্ধকে আহত অবস্থায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধের নাম মুসা মিয়া। তিনি আলীরটেক এলাকার বাসিন্দা। আটক দুজন হলেন রুবিনা ও ফাতেমা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মুসা মিয়াকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, নিহত মুসার কপালে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


