নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানালে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। সে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
শুভর বাবার নাম মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানালে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরিবারের সদ্যরা বিষয়টি না জেনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ক্যানালের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় জানায়।
থানার উপপরিদর্শক মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নেন। এসময় নিহতদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


