নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে ঘোড়াশাল রেল সেতু অতিক্রম করার সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এই ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ এলাকার ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার সময় হুট করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব বজ্রপাতের শিকার হন এবং সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে থামলে ছাদ থেকে তার মরদেহ নামানো হয়।
এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নিহতের পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


