নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান যুক্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ’ বিষয়ক এক সভায় এ কথা জানান তিনি।
টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয়। এ বিষয়ে জানান, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে যুক্ত নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।
উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র, অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য’ বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মোহাম্মদ আব্দুর রহিম খান ও টিসিবির চেয়ারম্যান মোহাম্মদ ফয়শল আজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এদিকে, টিসিবির স্মার্ট ফ্যামিলি সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩৬৬টি। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৪৬৪টি।


