নন্দিত-নিন্দিত বিপিএল: খেলতে পারে বিদেশি দলও

নন্দিত-নিন্দিত বিপিএল: খেলতে পারে বিদেশি দলও
বিপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। দেশি তারকারা তো আছেনই, খেলে গেছেন নামীদামী বিদেশি তারকা ক্রিকেটাররাও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকচিক্য-জৌলুস থাকলেও বদলায়নি ১১ আসর পুরনো বিপিএলের জীর্ণ চেহারা। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিদের অবহেলা ও নানান অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে বিপিএলের সর্বশেষ আসর নিন্দা ছাড়া কিছুই পায়নি। তবে আগামী আসর থেকে সেসব ঝেড়ে ফেলতে চায় বিসিবি। 

সোমবার বর্তমান পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, নতুন অর্থনৈতিক মডেল ঠিক করে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসর আয়োজন করতে চান তারা। পাঁচ বছরের জন্য দল বুঝে পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে বিপিএল আয়োজনের দায়িত্বও বিসিবি দিতে চায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির হাতে। যারা আইপিএল, পিএসএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করে থাকে। 

বিপিএলের দ্বাদশ আসর নিয়ে বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত জানিয়ে মিঠু বলেন, ‘আজকে আরেকটা বড় সিদ্ধান্ত এসেছে। বিপিএলের টাইমফ্রেম ঠিক হয়েছে, ডিসেম্বর-জানুয়ারি। বিপিএল নিয়ে অনেক সমালোচনা গতবারও ছিল, এর আগেও ছিল।  অন্যন্য দেশে যেমন রেপুটেড স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি কাজ করে, আইপিএল, পিএসএলে যেভাবে ম্যানেজ করে, আমরাও তাদের হাতেই দেব। তৃতীয় সিদ্ধান্ত এবার পাঁচ বছরের জন্য দল দেয়া হবে ফ্যাঞ্চাইজিদের। নতুন অর্থনৈতিক মডেল নিয়ে আলোচনা হবে ফ্র্যাঞ্চাইজিদের সাথে।’

বিপিএলের আয়োজক কমিটিতে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন পরিচালক মিঠু। মূলত পুরো আয়োজনের স্বচ্ছতা নিশ্চিত করতেই বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। 

আরও পড়ুন

এই প্রসঙ্গে মিঠু বলেন, ‘সবচেয়ে বড় ডিসিশন যেটা, বিপিএল কমিটিতে ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে নেয়া হবে ক্ল্যারিটির জন্য। আমরা যেন ক্লিয়ার একটা ইমেজ নিয়ে এটা শেষ করতে পারি, যেন ক্ল্যারিটি থাকে। সেজন্যই সিদ্ধান্ত নেয়া হয়েছে বিপিএলের কমিটিতে ক্রিকেটের বাইরের লোককেও নেয়া হবে। আপনাদের মিডিয়ার মধ্য থেকে কেউ হতে পারে, সরকার থেকে কেউ; এমন অনেকেই আসতে পারেন।’

বিপিএলের আগামী আসরের জন্য ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে ‘সায়ান্স গ্লোবাল’ নামের একটি প্রতিষ্ঠান। বিকেল ৩টায় বোর্ড সভা শুরুর আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট (ইওআই) প্রকাশ করে আবেদনপত্র নিয়ে বিসিবিতে আসেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার  লন্ডন প্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। 

সেই প্রেক্ষিতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, টেন্ডার প্রকাশের পর জমা পড়া আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করেই বিপিএলেরর জন্য ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করবেন তারা। সেক্ষেত্রে যেসব দল বিসিবির যাবতীয় মানদণ্ড পূরণ করতে পারবে, তারাই দল পাবে বিপিএলে। এ ছাড়া বিদেশি ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভূক্তির ক্ষেত্রেও একই শর্ত দিয়ে রেখেছেন বুলবুল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad