নদীর সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর সঙ্গে দেশের ভাগ্য জড়িত। দেশে ছোট-বড় প্রায় ১ হাজার ৪১৫টি নদী রয়েছে। এসব নদী এক একটি জীবন্ত সত্ত্বা। তাই নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্তা বাড়ানো দরকার।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী-জলাধার খনন ও পুনঃখনন করা হবে।
খাল খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখলে এবং দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্য ফিরে আসবে।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যাঞ্চেলর মনজুরুল কিবরিয়া। এ ছাড়াও নদী গবেষক ও নদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্টজন উপস্থিত ছিলেন।


