নড়াইলে নদীতে নেমে নিখোঁজের দুইদিন পর তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার লোহাগড়া উপজেলায় চাচির বাবার বাড়িতে ঈদে ঘুরতে গিয়ে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে নিখোঁজ হয় তাসমিয়া। সে যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে।
নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, ঈদের সময় তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত ডিগ্রিচর মধুমতি নদীর চরে ঘুরতে যায়। এ সময় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজ করলেও তার সন্ধান পাওয়া যায়নি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।’
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত জানান, নিঁখোজের তিনদিন পর নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


