বাংলাদেশ পুলিশের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আলী হোসেন ফকিরকে।
এতদিন তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার বাড়ি বাগেরহাট জেলায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে।
২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুলকে অন্তর্বর্তী সরকার আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
কিন্তু তার আগেই তাকে সরিয়ে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।


