নড়াইল সদর উপজেলায় ভ্যান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে তার ব্যবহৃত ভ্যানটি নিখোঁজ রয়েছে।
রোববার দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহাঙ্গীর হোসেন সানা যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের নয়েজ সানার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলে বসবাস করে ভ্যান চালানোর পেশায় নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে তিনি নড়াইলে এসে সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস শুরু করেন। এক বছর আগে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনার দায়িত্ব নেন। দিনে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘পারিবারিক কলহের কারণে গত দুই দিন ধরে স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল না।’
তিনি অভিযোগ করেন, তার স্বামীকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


