উরুগুয়ের বিপক্ষে জিতল স্পেন, আর তাতে পথ মসৃণ হয়ে গেল কেপ ভার্দের। সৌদি আরবের বিপক্ষে সাদামাটা খেলে ড্র করেও উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল তারা। তাও আবার কোনো ম্যাচ না জিতে!
হিউস্টনে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। টানা তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে টুর্নামেন্টের এই নবাগত দলটি। এর আগে এই গ্রুপের শেষ ম্যাচের সমীকরণ জমে উঠেছিল টানটান উত্তেজনায়।
শুরুটা করা যাক ‘অভাগা’ উরুগুয়েকে দিয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জানত, শেষ ম্যাচে জয় পেলে তারা সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ পৌঁছে যাবে। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে শেষ পর্যন্ত তারা পরাস্তই হলো।
মার্সেলো বিয়েলসার শিষ্যরা অন্তত ড্র করতে পারলেও ক্ষীণ এক আশা বেঁচে থাকত। তবে ‘লা সেলেস্তেরা’ শেষ পর্যন্ত ‘লা রোহাদের’ কাছে ১-০ ব্যবধানে হেরে বসে। এই পরাজয়ে টানা দ্বিতীয়বারের মতো উরুগুয়ের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বে শেষ হয়ে গেল।
অন্য ম্যাচে উরুগুয়েকে হারিয়ে স্পেন ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে উঠেছে। এই গ্রুপ থেকে পুরোপুরি ছিটকে গেল সৌদি আরব ও উরুগুয়ে। ২ পয়েন্ট করে পাওয়া এই দুই দলের সেরা তৃতীয় হওয়া আট দলের মধ্যে থাকার কোনো সুযোগ নেই।
এই গ্রুপের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কেপ ভার্দে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে ছোট দেশ হিসেবে দ্বীপরাষ্ট্রটির আকাশে-বাতাসে এখন বাঁধনহারা আনন্দের সুর। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রেখে তারা নকআউটে খেলার অভাবনীয় যোগ্যতা অর্জন করল।
‘ব্লু শার্কস’ খ্যাত দলটির জন্য অপেক্ষা করছে আরও বড় এক রোমাঞ্চকর মূহুর্তের। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে শেষ ৩২-এ তারা মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ। আর ‘এইচ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠায় শেষ ৩২ দলের রাউন্ডে ‘জে’ গ্রুপে রানার্স আপ দলের মুখোমুখি হবে স্পেন।
আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়ার বিপক্ষে খেলতে নামবে স্পেন।


