নওগাঁর পত্নীতলা উপজেলায় ঝড় ও বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকা।
শনিবার দিনগত রাত ১২টার পর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় এই ঝড় আঘাত হানে।
স্থানীয়রা জানান, রাতে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট ও পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে খেতের ধানগাছ।
এ ছাড়া ঝড়ে অনেক কাঁচা-আধাপাকা ঘর ও দোকানপাট ভেঙে গেছে। সড়কের ওপর গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, ‘এক সপ্তাহ আগে টিন দিয়ে ঘর তৈরি করেছিলাম। রাতের ঝড়ে ঘরের চাল উড়ে গেছে। আমার অনেক ক্ষতি হলো।’
হরিরামপুর গ্রামের আমিনুল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। চাল উড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে আছি।’
নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০ দোকানের চালা উড়ে গেছে। রাত থেকেই বিদ্যুৎ নেই।’
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা বলেন, ‘কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’


